
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে কিশোরীকে আটকে রেখে গণধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিও ধারণের দায়ে ৮ যুবককে আমৃত্যু কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি
অপরাধীদের প্রত্যেকে দুই লক্ষ টাকা করে অর্থদণ্ড প্রদানের আদেশ দেন। এসময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদেরকে পুলিশ পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
(৯ নভেম্বর) সোমবার দুপুর দেড় টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন, মোঃ শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) এবং রিয়াজ শিকদার। তারা সবাই ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও বিবরণ সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুরের সদর উপজেলার ধলার মোড় সংলগ্ন পালডাঙ্গী চরের কাশবনের ভেতরে এক তরুণীকে জোরপূর্বক আটকে রাখেন আসামিরা। সেখানে আসামিরা ওই তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে ঘটনার একটি ২৩ সেকেন্ডের ভিডিও চিত্র ধারণ করেন। ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে ঘটনার একটি ভিডিও ক্লিপ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে এলে পুলিশ তৎপরতা শুরু করে। এরপর ২০২০ সালের ৬ আগস্ট পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মূল আসামি শাহীন শেখকে গ্রেফতার করে। সেসময় ডিবি পুলিশের উপপরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
পরবর্তীতে শাহীনের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ অন্য আসামিদের শনাক্ত ও তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে রায় প্রদান করেন।
রায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ও সমাজ ন্যায়বিচার পেয়েছে। চরের ভেতরে নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী এই জঘন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধ প্রবণতা কমাতে ভূমিকা রাখবে।