
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি আসনের মধ্যে তিনটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের বিজয়ী এবং বাকী একটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছেন।
(১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন।
এদের মধ্যে ফরিদপুর-১ (মধুখালী- বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে জামায়াতের প্রার্থী ড. মোঃ ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন) আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বিজয়ী হয়েছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে, ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী ড. মোঃ ইলিয়াস মোল্লা ২৮ হাজার ৬৩৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৫৪ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৫ ভোট।
ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। এ আসনে ৩২ হাজার ৯৫৩ ভোট বেশি পেয়ে শামা ওবায়েদ বিজয়ী হয়েছেন।
ফরিদপুর-৩ আসনে ১৫৪টি কেন্দ্রে
বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক আব্দুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট। নায়াব ইউসুফ ২৪ হাজার ৪৩০ ভোট বেশি পেয়ে এ আসনে বিজয়ী হয়েছেন।
ফরিদপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা ছরোয়ার হুসাইন পেয়েছেন ৭১ হাজার ১৫৭ ভোট। ৫১ হাজার ৩২৩ ভোট বেশি পেয়ে এ আসনে শহিদুল ইসলাম বাবুল বিজয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা জানান, নির্বাচনী নিরাপত্তায় ৭১৬ জন সেনা সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিল।