
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে বিসিসি’র উদ্যোগে সরকারি কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী AI & Cyber Security বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে,(১২ মার্চ) বৃহস্পতিবার এ সমাপনী অনুষ্ঠিত হয়।
পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে ফরিদপুর জেলার সিভিল সার্জন অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা পরিসংখ্যান অফিস, জেলা তথ্য অফিস, নদী গবেষণা ইনস্টিটিউট, বিটিসিএল, বিসিক, জেলা মৎস্য দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের মোট ২০ জন অফিস প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক মোঃ আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোঃ জফরুল আলম খান।
প্রশিক্ষণে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমুখী প্রভাব, দৈনন্দিন জীবনে এর ক্রমবর্ধমান গুরুত্ব এবং বিভিন্ন প্রজন্মের মানুষের ওপর এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের কৌশল, অনলাইন অপরাধের গতিপ্রকৃতি এবং সাইবার ঝুঁকি থেকে সুরক্ষার কার্যকর উপায় সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে বিশেষ করে দেশীয় প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করে বিসিসির নিজস্ব উদ্ভাবনগুলো কীভাবে বাংলাদেশের ভবিষ্যৎ ডিজিটাল অবকাঠামো ও জাতীয় উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখতে পারে, তার একটি রূপরেখা উপস্থাপন করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিসিসির নির্বাহী পরিচালক মোঃ আবু সাঈদ বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় 'কাটিং-এজ' প্রযুক্তির অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি কর্মকর্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে তুলতেই বিসিসি এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বিসিসি কেবল আইসিটি খাতের নীতিনির্ধারণেই নয়, বরং মাঠপর্যায়ে ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে আইসিটি প্রশিক্ষণ, নেটওয়ার্ক সেবা, সফটওয়্যার টেস্টিং ও ডিজিটাল সার্টিফিকেটের মতো কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে মোঃ জফরুল আলম খান বিসিসির নিজস্ব প্রযুক্তি bangla.gov.bd ও kagoj.ai সম্পর্কে আলোকপাত করেন। একই সঙ্গে তিনি ইন্টারনেট অব থিংস (IoT) ও অটোমেশন ব্যবস্থার মাধ্যমে উন্নত প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা AI ও সাইবার নিরাপত্তার আলোকে দেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা করেন।