
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলায় সার সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় উপচে পড়া ভিড় জমিয়ে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়ছেন কৃষকরা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতিনিয়তই বিভিন্ন সার বিক্রয়কেন্দ্রে কৃষকদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
গত,(৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে হাট গোবিন্দপুর কালীতলা বাজার এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সার নেওয়ার জন্য সকাল থেকেই বিপুলসংখ্যক কৃষক ভিড় জমিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় অনেক কৃষককে হতাশ হয়ে ফিরতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
কৃষকদের ভাষ্যমতে, কৃষিকাজের গুরুত্বপূর্ণ সময়ে সার সংগ্রহ করতে দিনের বড় একটি সময় লাইনে কাটাতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে সময়মতো জমিতে সার প্রয়োগ নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
প্রয়োজনীয় সার সংগ্রহ করতে গিয়ে তাদের বিভিন্ন দোকান ও ডিলারের কাছে ঘুরতে হচ্ছে।
এক কৃষক বলেন, সার নেওয়ার জন্য সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সময়মতো সার না পেলে জমিতে ঠিক সময়ে প্রয়োগ করা কঠিন হয়ে যায়। আমরা সহজ ও দ্রুত সার পাওয়ার ব্যবস্থা চাই।
অন্য এক কৃষক জানান, কৃষিকাজের ব্যস্ত সময়ে সার সংগ্রহ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তাই কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।
কৃষকদের অনেকে সার বিতরণ ব্যবস্থাপনা আরও সহজ করার পাশাপাশি দ্রুত অতিরিক্ত বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন। দীর্ঘ লাইনের চাপ কমাতে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন কেউ কেউ।
এদিকে সার বিতরণ কার্যক্রম স্বাভাবিক এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের সার প্রাপ্তি ও বিতরণ কার্যক্রমে সহযোগিতা করছেন।
সার সংকটের বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ
মোঃ আনোয়ার হোসেন বলেন, আমাদের সারের চাহিদা ঠিকই আছে। এরপরও অতিরিক্ত বরাদ্দের জন্য চাহিদা দেওয়া হয়েছে। অনেক কৃষক হয়তো আগামী মৌসুমের কথা চিন্তা করে আগেভাগেই সার সংগ্রহ করছেন। এ কারণে বর্তমানে ভিড় বেশি দেখা যাচ্ছে।
কৃষকদের দাবি, বর্তমানে আমন ধান এবং সবজির জমিতে সার প্রয়োগের সময় চলছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় একযোগে কৃষকদের সারের চাহিদা বেড়েছে। এ কারণে বিক্রয়কেন্দ্রগুলোতে একসাথে বিপুলসংখ্যক কৃষক উপস্থিত হওয়ায় উপচে পড়া ভিড়ের সৃষ্টি হচ্ছে। তারা বলেন, দ্রুত অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত করে পর্যাপ্ত সার সরবরাহ করা হলে ভোগান্তি কমার পাশাপাশি কৃষিকাজও স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হবে।