
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
আত্মরক্ষা ও শারীরিক ফিটনেসের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাসী করে তুলতে ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজে শুরু হয়েছে আত্মরক্ষা ও ক্রীড়া কৌশল মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণ।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, (৯ নভেম্বর) সোমবার সকাল ১১টায় এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতী উদ্যোগের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ডের মতো দেশগুলোতে মার্শাল আর্ট অত্যন্ত জনপ্রিয় হলেও আমাদের দেশে আশির ও নব্বইয়ের দশক থেকে এর যাত্রা শুরু হলেও তা আশানরূপ প্রসার লাভ করতে পারেনি। মূলত এই খেলা ও শিল্পটিকে সাধারণের মাঝে ছড়িয়ে দিতেই নতুন এই ইভেন্টে একে অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্শাল আর্ট কেবল একটি সাধারণ খেলা বা শিল্পই নয়, এটি অত্যন্ত কার্যকরী একটি আত্মরক্ষার মাধ্যম। কোনো ধরনের অস্ত্র ছাড়াই আকস্মিক বিপদ কিংবা দুষ্কৃতিকারীদের মোকাবিলায় খালি হাতে নিজেকে সুরক্ষিত রাখতে এই প্রশিক্ষণের বিকল্প নেই।
জেলা প্রশাসক গণমাধ্যমকে আরও জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মার্শাল আর্ট প্রশিক্ষণের উপর শিক্ষার্থীদের জোর দেয়ার নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের ১০ টি স্কুলে ইতিমধ্যেই আমরা প্রশিক্ষণটি চালু করেছি, পর্যায়ক্রমে সকল উপজেলাতেও এই প্রশিক্ষণ আগামী ছয় মাসের মধ্যে শুরু হয়ে যাবে।
শিক্ষার্থীদের সার্বিক বিকাশের কথা উল্লেখ করে মাজহারুল ইসলাম জানান, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ফিটনেস এবং মানসিক দৃঢ়তা অত্যন্ত জরুরি। মার্শাল আর্ট প্রশিক্ষণ কেবল আত্মরক্ষা শেখায় না, এটি শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, একাগ্রতা এবং নৈতিক মনন গঠনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছে, সরকারি এই নতুন উদ্যোগের ফলে দেশের শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসী ও সাহসী হিসেবে গড়ে উঠবে, যা তাদের আগামীদিনের পথচলাকে আরও সুগম করবে।
প্রধান অতিথি প্রশিক্ষণ ক্যাম্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন- মুহাম্মদ আলী, সদর উপজেলার নির্বাহী অফিসার ইউএনও মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইনসানা তানজিন ইকো, ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের কোঅর্ডিনেটর পার্থ সাহা, প্রভাতী শাখার শিফট ইনচার্জ জাকিয়া নাসরিন ও দিবা শাখার শিফট ইনচার্জ আকাশ সাহা এবং স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।