
মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ।
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেগমপুর গ্রামে অবস্থিত হাবিবুর নার্সারি ও ফল বাগান পরিদর্শন করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সাজ্জাদ হোসেন।
পরিদর্শনকালে তিনি বাগানের বিভিন্ন প্রজাতির ফলের গাছ ও চাষাবাদ ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, এলাকার যেসব মানুষ বেকারত্বের কারণে কর্মহীন রয়েছেন এবং যারা মাদকাসক্তির মতো সামাজিক সমস্যায় জড়িয়ে পড়ছেন, তারা চাইলে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারেন। ফলের বাগান ও কৃষিকাজের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
তিনি আরও বলেন, কৃষি ও ফল চাষের মতো উৎপাদনশীল কাজে তরুণ সমাজকে সম্পৃক্ত করা গেলে বেকারত্ব ও মাদকাসক্তি প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
এ সময় হাবিবুর নার্সারি ও ফল বাগানের মালিক জনাব হাবিবুর রহমান বলেন, কেউ যদি তার নার্সারি থেকে ফলের চারা সংগ্রহ করতে চান কিংবা চায়না কমলা চাষের বিষয়ে পরামর্শ ও সহযোগিতা নিতে চান, তাহলে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করবেন। চারা সংগ্রহ থেকে শুরু করে ফল চাষের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
স্থানীয়ভাবে কৃষি উদ্যোক্তা তৈরির এমন উদ্যোগ বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।