
লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পঞ্চগড় জেলা সফর উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাঃ মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রফেসর ডাঃ সৈয়দ মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আওয়াল রাজা, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেন।
সভায় সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএ পঞ্চগড় জেলা শাখার সভাপতি ডাঃ মো. খালেদ তৌহিদ পুলক।
মতবিনিময় সভায় পঞ্চগড় জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা খাতে বিদ্যমান সমস্যা, আইনগত বিষয়, পরিবেশ ও মাদকবিরোধী সচেতনতা, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং কেন্দ্রীয় ও জেলা কমিটির সমন্বয়ে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।