
ষ্ট্যাফ রিপোর্টার,
পেশাদারিত্ব ও জনসেবামুখী পুলিশিং নিশ্চিত করতে কিশোরগঞ্জের বাজিতপুর থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখার কাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং কর্তব্যরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, জবাবদিহিতা ও জনবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনা দেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, থানায় আগত সেবাপ্রার্থীরা যেন দ্রুত ও কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তিনি বাজিতপুর এলাকাকে মাদকমুক্ত রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, সেবাপ্রার্থীদের সঙ্গে ধৈর্য ও ভদ্র আচরণ করতে হবে। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। তিনি উল্লেখ করেন, পুলিশের মূল লক্ষ্য জনগণের সেবা করা এবং পেশাগত শৃঙ্খলার পাশাপাশি মানবিক মূল্যবোধের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার সার্বিক শৃঙ্খলা ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।