
সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় সোমবার (১১ মে) সকালে বারহাট্টা প্রেসক্লাবে সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সদস্যরা। এর আগে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালায় এনএসআই ও পুলিশ। ওই অভিযানে বহু দালালদের সাথে আটক করা হয় ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভকেও। যারা হাসপাতাল ভিজিটের জন্য বেধে দেয়া নির্দিষ্ট সময়ের বাইরে হাসপাতাল চত্বরে অবস্থান করছিলেন। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে যাচাই বাছাই করে ছেড়ে দেন।
এ বিষয়ে বারহাট্টা উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলি তালুকদারের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রঞ্জু,সহ সাংগঠনিক মোঃ হিরা মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, সহ সাংগঠনিক মোঃ আসলাম উদ্দিন,সহ সাংগঠনিক মোঃ সহ প্রমুখ।
এসময় তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের স্বাস্থ্যসেবা খাতের এক অপরিহার্য এবং উচ্চশিক্ষিত অংশ। অত্যন্ত পরিতাপের বিষয়, তাদের পেশাগত মর্যাদা নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে। চিকিৎসা প্রতিনিধিরা কোনোভাবেই দালাল নন বরং তারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেয়ার এক দক্ষ কারিগর। তাই এই পেশার রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সেবাদানকারী এই মানুষগুলোর চাকরির নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ন্যূনতম মর্যাদা আজ সংকটের মুখে। অনতিবিলম্বে হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজ করার পথে সকল বাধা দূর করার আহ্বান জানান ফারিয়া সদস্যগণ।