
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় এক ব্যতিক্রমধর্মী ও আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে সোহাগপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষকে।
মঙ্গলবার ৩১ মার্চ বিদায় অনুষ্ঠানে তাঁকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে সম্মানজনকভাবে বিদায় জানানো হয়, যা উপস্থিত সকলের মাঝে এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এইচ এম শাহরিয়ার রসুল সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অতিথিরা তাদের বক্তব্যে নারায়ণ চন্দ্র ঘোষের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর সততা, নিষ্ঠা ও নেতৃত্ব শিক্ষাঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, একজন গুণী শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই এ আয়োজন করা হয়েছে। এমন সুন্দর ও ব্যতিক্রমী আয়োজনের জন্য উপস্থিত সবাই আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
শেষে, আবেগঘন পরিবেশে সহকর্মী ও শিক্ষার্থীদের বিদায় শুভেচ্ছা গ্রহণ করে নারায়ণ চন্দ্র ঘোষ স্যার তাঁর অনুভূতি ব্যক্ত করেন।
নারায়ন চন্দ্র ঘোষ সরাইল উপজেলার অরুয়াইল এলাকার জয়নগর গ্রামের বামা রচণ ঘোষের সন্তান।