খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলাে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে।
সোমবার (২ মার্চ) ভোর রাত ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমের নির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই শহিদুল্লাহ ও সঙ্গীয় ফোর্স বিশ্বরোড এলাকায় বিশেষ চেকপোস্ট বসান।
এ সময় আশুগঞ্জগামী একটি সন্দেহভাজন মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮) থামার সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।
পুলিশ ধাওয়া করলে অজ্ঞাতনামা চালক মাইক্রোবাসটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পলাতক চালক ও এর সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, খাঁটিহাতা হাইওয়ে থানা প্রতিষ্ঠার পর থেকে পরিচালিত মাদকবিরোধী অভিযানগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ও সফল অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। মাদকমুক্ত মহাসড়ক গড়তে পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।