স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের বড়বাজার শাহাবউদ্দিন জামে মসজিদের পরিচালনা কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (জুমার নামাজের পর) মসজিদ প্রাঙ্গণে মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নবগঠিত এ কমিটির নাম ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে হাজী ইসরাইল মিয়াকে সভাপতি এবং মো. দেলোয়ার হোসেন দিলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা মসজিদের ধর্মীয়, সামাজিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, একটি মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম কেন্দ্র। নতুন কমিটি আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মসজিদের সার্বিক উন্নয়ন, মুসল্লিদের সেবার মান বৃদ্ধি, ধর্মীয় শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং মসজিদের অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নবনির্বাচিত সভাপতি হাজী ইসরাইল মিয়া ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দিলু সকল মুসল্লি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া নিয়ে মসজিদের উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় কার্যক্রম আরও সমৃদ্ধ করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
জুমার নামাজ শেষে নবগঠিত কমিটির সফলতা, মসজিদের উত্তরোত্তর উন্নয়ন এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত মুসল্লিরা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন।