
হাফিজুর রহমান
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি টং দোকানে ঢুকে পড়ে ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার ময়মনসিংহ থেকে বগুড়াগামী 'নিরাপদ সৌরভ' পরিবহনের একটি বাস কাকরাইদ মেইন রোড দিয়ে যাওয়ার সময় গারোবাজার রোড সংলগ্ন একটি টং দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় দোকানটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনাস্থলেই টং দোকানে বসে থাকা বেচুয়া (৫৫) নামের এক মুচি নিহত হন। এ সময় দোকানে থাকা ঝালমুড়ি বিক্রেতা আক্কাস এবং এক অজ্ঞাতপরিচয় অটোচালক গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে মধুপুর থানার পুলিশ জানায়, ঘাতক বাসটি শনাক্ত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনি প্রক্রিয়া চলছে।