
মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুরে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সমাবেশে জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রবিবার বিকেলে মহেশপুর সরকারি হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহেশপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “দেশ ও মানুষের কল্যাণে সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জনগণ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে, তবে আমি ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতি উপহার দেব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি ও জাগসু জিএস মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও সাবেক মহেশপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, ঝিনাইদহ-৩ এনসিপির গণভোটের অ্যাম্বাসেডর হৃদয় আহমেদ, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ফকির আহমেদ এবং মাওলানা আক্তারুজ্জামান।
এছাড়াও সমাবেশে জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।