নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে র্যাব-৬-এর বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ এবং তানজিল আকন ওরফে ইমরান নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার যাদবপুর থেকে মহেশপুরগামী পাকা সড়কের বগা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালে সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে ভেতরে তল্লাশি করে বিপুল পরিমাণ এই ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ১ হাজার ৪৩১ বোতল এসকাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা। আটক তানজিল আকন ওরফে ইমরানের বাড়ি তালতলী/আমতলী এলাকায় বলে জানা গেছে।
র্যাব আরও জানায়, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে প্রাইভেট কারের মাধ্যমে মাদকের এই বড় চালানটি পাচারের চেষ্টা চলছিল। অভিযান শেষে জব্দকৃত সিরাপ ও প্রাইভেট কারসহ আটক ব্যক্তিকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।