
মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের পরিবারের জন্য নির্মিত সরকারি বাসভবন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ বাসভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন , প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালেব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কামারুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বাসভবন উদ্বোধন উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের বাড়িতে এক মতবিনিময় সভা ও সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। সভায় মন্ত্রী ও অতিথিরা বক্তব্য দেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসামান্য আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী এই বীর সন্তানের পরিবারের জন্য সরকারি বাসভবন নির্মাণ একটি সম্মানজনক উদ্যোগ। তাঁর অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়।
এর আগে অতিথিরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তাঁরা।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ হামিদুর রহমান বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ অর্জন করেন। তাঁর স্মৃতি ও পরিবারের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে নির্মিত এ বাসভবন উদ্বোধনকে ঘিরে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।