মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত রবিবার (১৭ মে) দুপুরের দিকে মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট পেশ করা হয়।
এ অর্থবছরে সর্বমোট ২ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ১৪৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোহাঃ সাইফুর রহমান। সভায় বাজেট বিবরণী পাঠ করেন ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর মোঃ সুমন ইসলাম।
বাজেট ঘোষণাকালে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দারবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান এবং মান্দারবাড়িয়া ইউনিয়ন জামায়াতের নেতা মোঃ আব্দুর রশিদ। বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতকরণে এই বাজেটের সঠিক বাস্তবায়নের ওপর জোর দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ সুফিয়া খাতুন, রেহেনা খাতুন ও আবেদা খাতুন। এছাড়াও ইউপি সদস্য আব্দুর কাদের, আবু তালেব, মোঃ আব্দুল, শাহাদুল ইসলাম, শাহিনুর, অলিয়ার রহমান, মোঃ হুমায়ুন কবির, বেল্টু মিয়া, মোঃ নজরুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উন্মুক্ত বাজেট সেশনে উপস্থিত নাগরিকরা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান সবার সহযোগিতা নিয়ে একটি আদর্শ ও স্বনির্ভর ইউনিয়ন গঠনে এই বাজেট বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।