
যিশাই মুরমু হীরা-রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নির্বাচনী লড়াইয়ে নাটকীয় ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা নুরুল আমীন। উপজেলা প্রশাসন থেকে ঘোষিত ১১৩টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে ১ হাজার ৯৭১ (১৯৭১)ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই আসনের মোট ১১৩টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা নুরুল আমীন 'দাঁড়িপাল্লা' প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ৮৯০ ভোট। অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী 'ধানের শীষ' প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৯১৯ ভোট।
ভোট গণনা শুরুর পর থেকেই দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। প্রতিটি কেন্দ্রের ফলাফল আসার সাথে সাথে পাল্টাতে থাকে সমীকরণ। শেষ পর্যন্ত ১ হাজার ৯৭১ ভোটের ব্যবধানে মাওলানা নুরুল আমীন বিজয়ী ঘোষিত হলে এলাকায় তার সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।
পীরগঞ্জের সাধারণ ভোটাররা জানান, এবারের নির্বাচনে জনমতের এক প্রতিফল ঘটেছে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।