
আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে প্রতারণার মাধ্যমে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে অর্থ হাতিয়ে নেয়া দালাল চক্রের সাত সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে অভিযান চালায় এসআরবি -৫ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে।
নওগা মান্দা উপজেলা থেকে আসা আবুল হোসেন বলেন,অল্প খরচে চিকিৎসা নিতে রাজশাহী সরকারী হাসপাতালে অনেক দূরে থেকে আমরা আসি কিন্তু ডা:দেখে আমাদের টেষ্ট লিখে দেয় এগুলো করতে কিভাবে কি হয়। আমরা গ্রামের মানুষ লেখা পড়া জানি না।ভাল পোশাক আলা মানুষ আমরা ভাবি হাসপাতালের লোক তারা আমাদের কোথায় নিয়ে যায় আর বলে ভাল চিকিৎসা হবে।কাছে যা টাকা থাকে নিয়ে নেই।কিছু কাগজ রির্পোট হাতে ধরায় দেই এখন এগুলো আসল না নকল এগুলো তো আর আমরা বুঝি না।
এসআরবি-৫ এর মেজর কবির বলেন, একটি চক্র হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতারণার মাধ্যমে ডায়াগনস্টিক ও ক্লিনিককে নিয়ে বিভিন্ন টেস্টের নামে অর্থ হাতিয়ে নেয়া হয়। এরই প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার বলেন, উত্তরাঞ্চলের পাশাপাশি দক্ষিণ অঞ্চলেরও অনেক রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে আসা রোগীদেরকে ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছে একটি দালাল চক্র। এই চক্রের সাত জনকে নির্ধারিত দন্ডবিধি অনুসারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।এই অভিযান চলমান থাকবে এবং এর সাথে যারা জরিত আছে তাদের খুজে বেড় করা হবে।