মোঃ রবিউল ইসলাম,ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে ‘শেফা ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন হরিণাকুণ্ডু উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা মঞ্জুর মৌনা। এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে শেফা ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অনুমোদনপত্র প্রদর্শনে ব্যর্থ হয়।
সরকারি বিধি-বিধান না মেনে অস্বচ্ছ উপায়ে কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় আইনানুগ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া, উপস্থিত সংশ্লিষ্টদের সরকারি নিয়ম মেনে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবা খাতের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম, লাইসেন্সবিহীন কার্যক্রম এবং আইন অমান্যকারী যেকোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ রয়েছে, হরিণাকুণ্ডু উপজেলাজুড়ে লাইসেন্সবিহীন আরও অনেক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে পর্যায়ক্রমে সব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।