
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা) :
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর উদ্যোগে আজ এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দ্রুততার সাথে অবসর ও কল্যাণভাতা প্রদান এবং সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আসন্ন বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের কোনো বিকল্প নেই। একই সাথে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিতে এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বছরের পর বছর ঝুলে থাকা অবসর ও কল্যাণভাতা দ্রুততার সাথে পরিশোধ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় মানববন্ধন উত্তর সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক ড. খোরশেদ আলম বাবুল ও অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ঢাকা মহানগর কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক ওসমান গণি সুমন, অধ্যাপক রুহুল আমীন প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অবসরে যাওয়ার পর বছরের পর বছর পার হয়ে গেলেও তাদের ন্যায্য অবসর ও কল্যাণভাতা পাচ্ছেন না, যা অত্যন্ত অমানবিক। বক্তারা অবিলম্বে এই আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুততম সময়ে ভাতা প্রদানের জোর দাবি জানান। মানববন্ধন থেকে শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য নিরসনে শিক্ষাব্যবস্থার জাতীয়করণ করার দাবি জানানো হয়েছে এবং এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবি জানানো হয়।
মানববন্ধনে ঢাকা মহানগরী ও বিভিন্ন জেলা থেকে আগত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।