
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৬। "শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি" প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৯ জুন) জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
সভায় জেলা প্রশাসক বলেন, শিশুশ্রম শুধু একটি শিশুর অধিকার লঙ্ঘনই নয়, এটি দেশের ভবিষ্যৎকেও ক্ষতিগ্রস্ত করে। প্রতিটি শিশুর নিরাপদ, আনন্দময় ও শিক্ষাবান্ধব শৈশব নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ, নিয়োগকর্তা এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিশুশ্রম প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, শ্রম থেকে ফিরিয়ে আনা শিশুদের নিয়মিত তদারকি, ঝুঁকিপূর্ণ পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মক্ষম সদস্যদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা বলেন, দারিদ্র্য, অশিক্ষা ও সচেতনতার অভাব শিশু শ্রম বৃদ্ধির অন্যতম কারণ। এসব সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, মেডিকেল অফিসার ডা. মিনহাজুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগ ও গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুশ্রম নির্মূল করে প্রতিটি শিশুর জন্য শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।