স্টাফ রিপোর্টার:
মোঃ সাইফুল ইসলাম
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর পুত্র সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণায় সিএনজি চালকদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সড়ক ও সিএনজি স্ট্যান্ডে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ ছিল। এতে সিএনজি অটোরিকশা চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এবং স্বাভাবিকভাবে তাদের পেশাগত কার্যক্রম পরিচালনায় বাধার সম্মুখীন হচ্ছিলেন।
এ প্রেক্ষিতে এমপি পুত্র স্পষ্টভাবে ঘোষণা দেন যে, সিএনজি অটোরিকশা থেকে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি সহ্য করা হবে না। তিনি সংশ্লিষ্ট সকলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন এবং কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
এ ঘোষণার পর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকার সিএনজি চালকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের চাঁদাবাজির সমস্যা থেকে তারা মুক্তি পাবেন এবং নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারবেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, চাঁদাবাজি বন্ধে এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।