
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা
লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজে স্নাতক (পাস) সমাপনী বর্ষ এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষার জন্য শুভকামনা জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজের কলেজের অধ্যাপকবৃন্দ। অধ্যাপক হাসান মেহেদীর সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়ার সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন মুন্সি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি, অধ্যাপক শিল্পী বড়ুয়া, অধ্যাপক পারভীন আক্তার, অধ্যাপক রত্না বড়ুয়া, অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, অধ্যাপক মিহির কান্তি নাথ, অধ্যাপক নাজিয়া ফারহানা, অধ্যাপক মো. হাসান আলী প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য অধ্যবসায়, সততা এবং নৈতিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।
বক্তারা বলেন, বর্তমানের শিক্ষার্থীরাই আগামী দিনের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, ব্যবসায়ী, চাকরিজীবী ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের নেতৃত্ব দেবে। তাই শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জনই নয়, বরং দক্ষতা, মানবিক গুণাবলি ও নৈতিকতা বিকাশের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, তোমরা যে পেশাতেই প্রতিষ্ঠিত হও না কেন, সততাকে নিজের জীবনের মূল ভিত্তি হিসেবে ধারণ করবে। নিজের আত্মপরিচয় ও মূল্যবোধকে সমুন্নত রেখে ‘আমার আমি’কে গড়ে তোলার মধ্য দিয়েই সমাজে ইতিবাচক পরিবর্তনের বীজ রোপণ করা সম্ভব।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, পরীক্ষায় সাফল্য এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।