
নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সচেতনতা কার্যক্রম জোরদারের প্রত্যয়
স্টাফ রিপোর্টার
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের হাতে ‘নিরাপদ স্মরণিকা-২০২৬’ তুলে দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা।
শনিবার কিশোরগঞ্জ শহরের গাইটাল অতিথি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে স্মরণিকাটি সংসদ সদস্যের হাতে তুলে দেন নিসচা কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ মোবারক হোসেন।
এ সময় নিসচা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন প্রতিপালন, সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ নিরাপদ সড়ক প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
নিসচা সূত্রে জানা যায়, ‘নিরাপদ স্মরণিকা-২০২৬’-এ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক সচেতনতা, নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম এবং সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছে।
স্মরণিকা হস্তান্তরের মাধ্যমে কিশোরগঞ্জে নিরাপদ সড়ক আন্দোলনের কার্যক্রম আরও বিস্তৃত করা এবং সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নিসচা সদর উপজেলা শাখার এ উদ্যোগকে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় জনসম্পৃক্ততা বৃদ্ধির একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও জোরদারের প্রত্যাশা করা হয়েছে।