
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টাট (ঝিনাইদহ):
"খেলাধুলা হোক সুস্থ সমাজ, মিলুক সবাই ভালোবাসার বন্ধনে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালাপাড়িয়া ওয়াবদা মাঠে মান্দিয়া আইডিয়াল কলেজ ও মান্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একাদশ ও কা,র,মা ক্লাব।
খেলার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন কা,র,মা ক্লাবের খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে মান্দিয়া আইডিয়াল কলেজ ও মান্দিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ইউএনও একাদশকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
টানটান উত্তেজনা ও মনমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় ইউএনও একাদশ ৩-২ গোলে কা,র,মা ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের অধিনায়ক হিসেবে চমৎকার খেলা ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। খেলাটি উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হন, ফলে পুরো ওয়াবদা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি সেরা খেলোয়াড় ও সেরা গোলকিপারের হাতেও পুরষ্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দিয়া আইডিয়াল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আয়ুব হোসেন রানা, অধ্যক্ষ মোঃ রবজেল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসাইন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর কামাল হোসেন, মান্দিয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আয়ুব হোসেন, প্রধান শিক্ষক মোঃ নাজমুল ইসলাম, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু এবং শিশু কলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলীসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।