
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় হরিণাকুণ্ডু বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে কোনো প্রকার বিচ্যুতি সহ্য করা হবে না। গণভোট ও সংসদ নির্বাচন একই সাথে হওয়ায় কর্মকর্তাদের অধিকতর সজাগ ও সতর্ক থাকতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল এবং জেলা নির্বাচন অফিসার মোঃ আবুল হোসেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কর্মকর্তাদের করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ বাহিনী সর্বদা তৎপর থাকবে।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোট গণনা, ফলাফল ঘোষণা এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।