মোঃ রবিউল ইসলাম, (ঝিনাইদহ)
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শাখারীদহ বাজারে আজ এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। প্রাণিস্বাস্থ্য পরীক্ষার বাধ্যতামূলক সনদ ছাড়াই গরু জবাই ও মাংস বিক্রির অভিযোগে এই অভিযান চালানো হয়।
আজ মঙ্গলবার (০৪ আগস্ট) বিকালে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৫(২) ধারা এবং ১৪(১) ও ১৪(২) ধারা অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন হরিণাকুন্ডু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহাবুবা মৌনা।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা প্রকৌশল কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুন্ডু।
তদন্তে জানা যায়, শাখারীদহ বাজারের মাংস বিক্রেতার সহযোগী মোঃ বাবুল দীর্ঘদিন ধরে কোনো প্রকার প্রাণিস্বাস্থ্য পরীক্ষার সনদ ছাড়াই গরু জবাই করে আসছিলেন এবং নিয়ম ভঙ্গ করে মাংস বিপণন করছিলেন। এই অপরাধে মোবাইল কোর্ট তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়াও, অভিযানে প্রায় ৬.৫ কেজি ভক্ষণ-অনুপযোগী মাংস জব্দ করা হয়, যা পরবর্তীতে আইন অনুযায়ী ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে এবং নিরাপদ খাদ্য সরবরাহ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।