
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে হরিণাকুণ্ডু উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ দিদারুল আলম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুব মঞ্জুর মৌনা।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একুশের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করাই হোক এই দিনের অঙ্গীকার।