মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ ‘
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করতে এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ছড়িয়ে দিতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও বৈজ্ঞানিক প্রদর্শনী নিয়ে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।