
মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য মাইজছরা এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশ।
অভিযানে মহিবুল্লাহ ওরফে মফুইল্ল্যা চোরা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র সংক্রান্ত মামলাও রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।