
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার (১৬ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা এলাকায় উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ।
অভিযানকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয় দুই ব্যক্তি—মোঃ আমিনুল ইসলাম ও আশরাফুল ইসলাম—তাদের তিন ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করছেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তাদের ১ লাখ টাকা জরিমানা করেন।
এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন ও দুটি লড়ি ট্রাক জব্দ করা হয়। পরে জরিমানা পরিশোধের পর জব্দকৃত যানবাহন ও যন্ত্রপাতি ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই অপরাধে এর আগে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তাতেও তারা বিরত না হওয়ায় প্রশাসন আবারও ব্যবস্থা নেয়।
অভিযানে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, ওসি (তদন্ত) লিমনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, ফসলি জমি থেকে মাটি কাটা কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
হোসেনপুর থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, অবৈধ মাটি কাটা রোধে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।