কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
হোসেনপুর থানাধীন শাহেদল ইউনিয়নের অন্তর্গত দাপুনিয়া এলাকায় অবস্থিত মেসার্স ইশা ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে চাঁদাবাজির শিকার হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, বিল্লাল হোসেন শ্রাবণ (৩৫), পিতা- মোঃ হেলাল উদ্দিন, সাং- রামপুর (মোড়লবাড়ি), থানা- হোসেনপুর, জেলা- কিশোরগঞ্জসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন ব্যক্তি যোগসাজশে ফিলিং স্টেশনটির মালিককে প্রতিষ্ঠান বন্ধ ও প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ধাপে ধাপে মোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চাঁদা আদায় করে।
ভুক্তভোগী জানান, বর্তমানে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন না হওয়ায় তিনি অতিরিক্ত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় ইং ০৫/০২/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকায় অভিযুক্ত বিল্লাল হোসেন শ্রাবণ ও তার সহযোগীরা দাপুনিয়াস্থ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর এসে আরও ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক তেল পাম্পটি বন্ধ করে দেয়।
পরবর্তীতে একই দিন রাত আনুমানিক ০৮.৫০ মিনিটে বিল্লাল হোসেন শ্রাবণের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৫৮-২৫৯৩৯৭ থেকে ভুক্তভোগীর মোবাইল নম্বর ০১৭১২-৯৯১৩৫৯-এ ফোন করে গালমন্দসহ পুনরায় চাঁদা দাবি করা হয়।
এ সময় ভুক্তভোগী আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানালে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে হুমকি দেয় যে, বিষয়টি কাউকে জানালে সে পিস্তল দিয়ে ফিলিং স্টেশনের মালিক ও কর্মচারীদের হত্যা করবে।
ভুক্তভোগী পরবর্তীতে হোসেনপুর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হোসেনপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ফোর্স ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অভিযুক্ত বিল্লাল হোসেন শ্রাবণকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।