চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাংগলমোড়া ইউনিয়নে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে নাংগলমোড়া ইউনিয়ন বিএনপি।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির নির্দেশনায় ইউনিয়ন বিএনপির স্ব-উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজম মেম্বার। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী থানা বিএনপির প্রবীণ সদস্য আলহাজ্ব হারুন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আলহাজ্ব হাফেজ ফরিদ। প্রধান বক্তা ছিলেন নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব গাজী মো. মোরশেদুল আলম।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে। তারা বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসারও আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল আলম বাবু, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ভুট্টু মেম্বার, আহ্বায়ক কমিটির সদস্য গাজী সাহেদুল করিম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রহিম উদ্দীন রাজু, নাংগলমোড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, নাংগলমোড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম, ডা. বাসুদেব ধর, ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি আব্দুর রহিম ও কামাল উদ্দীন, হাটহাজারী উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল হালিম, শ্রমিক দল নেতা লোকমান হাকিম, শাহাজান মেম্বার, জাহাঙ্গীর, জাসাস নেতা হাসান চৌধুরীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে চালসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই সময়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।
আয়োজকরা জানান, এ ত্রাণ কার্যক্রম নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির স্ব-উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়েছে। বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। মানবিক এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।