আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য, চোর দলের সদস্য, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে জেলার গোয়েন্দা শাখা ও ফেনী মডেল থানা পুলিশের একটি দল ফেনীসহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্ত্রাসবিরোধী দুটি মামলার এজাহারনামীয় আসামি মো. ফাহিম (১৯), ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গীতারের বাড়ির বাসিন্দা মো. আবুল কালাম (৪৩), মো. রাসেল (২০), এনামুল হক (২১), আব্দুর রহমান (১৯), শরীফুল ইসলাম আশিক (২০) এবং নিজাম উদ্দিন মাহমুদ (২৬)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য, চোর দলের সক্রিয় সদস্য, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। গ্রেপ্তার ১৩ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মাদকবিরোধী ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হবে।