মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর হরিণাকুণ্ডু উপজেলার ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও বাজার ঘুরে সাধারণ মানুষের সঙ্গে পথসভা করেছেন। মঙ্গলবার দিনব্যাপী তিনি এই সফর ও পরিদর্শন কর্মসূচি পালন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, তাহেরহুদা প্রাথমিক বিদ্যালয়, নারায়ণকান্দি মাধ্যমিক বিদ্যালয়, নারানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখেন। এ সময় তিনি বিদ্যালয়গুলোর অবকাঠামোগত নানা সমস্যা পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি নতিডাঙ্গার পশ্চিম পাড়ায় কাঁচা রাস্তা এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় অধিবাসীদের নানা ভোগান্তি ও সমস্যার কথা শোনেন।
পরবর্তীতে আসর নামাজ শেষে ভবানীপুর পান বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর।
পথসভা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ বাবুল হোসেন এবং ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন।
পথসভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ হয়ে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
এ ছাড়া তিনি ১১ দলীয় জোটের ঘোষিত ‘৭দফা’ এবং ‘লংমার্চ টু খুলনা বিভাগ ‘ কর্মসূচির লক্ষ্য ও গুরুত্ব বিস্তারিতভাবে উপস্থিত নেতা-কর্মীদের সামনে ব্যাখ্যা করেন।