আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো
রাজশাহীতে মূল্যতালিকায় কাটাকাটি এবং পাকিস্তানি পোশাকের নামে অতিরিক্ত দাম রাখার অভিযোগে একটি পোশাকের শোরুমে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উদ্বোধনের একদিন পরই এ অভিযান চালানো হয়।
রোববার দুপুরে রাজশাহীর সপুরা বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘হাউজ অব শিপিয়ারর্স’ নামের শোরুমে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইব্রাহীম।
অভিযানকালে আমদানির সঠিক তথ্য প্রদর্শন না করা এবং মূল্যতালিকায় বারবার কাটাকাটি করে অধিক দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপপরিচালক মো. ইব্রাহীম জানান, গত শুক্রবার শোরুমটি উদ্বোধন করা হয়। তারা বিজ্ঞাপনে পাকিস্তানি পোশাকের কথা উল্লেখ করলেও এ বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি। ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তবে শোরুম কর্তৃপক্ষের দাবি, তারা কোনো বিজ্ঞাপন দেয়নি। উদ্বোধনের দিন ক্রেতারা ভিডিও ধারণ করে নিজেদের মতো করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে। এ বিষয়ে তাদের কোনো দায় নেই বলে তারা জানান। তাদের ভাষ্য, এখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে।