মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৯৯০ পিস নিষিদ্ধ বুপ্রেনরফিন (অ্যাম্পুল) ইনজেকশনসহ রেজিয়া বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলস সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাকে আটক করা হয়।
অভিযানের বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতারুজ্জামান ও এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টিম নিয়মিত মাদকবিরোধী চেকিং ডিউটি করছিল।
এসময় গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী মা বাবার দোয়া নামক একটি সিএনজি (বগুড়া-থ-৬০৭১) থামিয়ে তল্লাশি চালানো হয়।
সিএনজিতে থাকা এক নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী কনস্টেবলের সহায়তায় তার সাথে থাকা কালো স্কুল ব্যাগটি তল্লাশি করা হয়।
তল্লাশিকালে ব্যাগের ভেতর লুকিয়ে রাখা ভ্যানিটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় রাখা ৯৯০ পিস কাঁচের অ্যাম্পুল (বুপ্রেনরফিন) উদ্ধার করা হয়।
পুলিশ জানায় উদ্ধারকৃত এই ইনজেকশনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৯৫ হাজার টাকা।
আসামির পরিচয়
আটককৃত রেজিয়া বেগম দিনাজপুর জেলার হাকিমপুর থানার নয়াপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইনজেকশন সংগ্রহ করে বেশি লাভে বিক্রির উদ্দেশ্যে বগুড়ায় নিয়ে যাচ্ছিলেন।
আইনি ব্যবস্থা
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় থানায় সংরক্ষণ করা হয়েছে।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা (নং-৪/২০২৬) রুজু করা হয়েছে।