কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আদালত এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১৯৯ ভোট পেয়ে বিজয়ী হন অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোঃ শহিদুল আলম শহীদ ১৭৫ ভোট এবং অ্যাডভোকেট তারেক উদ্দিন আবাদ ১৪৯ ভোট পেয়ে পরাজিত হন।
সহ-সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২৭৭ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এ এম সাজ্জাদুল হক এবং ২৩৯ ভোট পেয়ে দ্বিতীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুফতি মোহাম্মদ জাকির খান। অপর দুই প্রার্থী অ্যাডভোকেট মোঃ নবী হোসেন ১৯৯ ভোট এবং অ্যাডভোকেট আতিকুল ইসলাম খান রুবেল ১৩৩ ভোট পেয়ে পরাজিত হন।
সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল ১৬৬ ভোট এবং অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ ৮২ ভোট পেয়ে পরাজিত হন।
সহ-সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২৪৫ ভোট পেয়ে প্রথম সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাজ্জাদুল হক ভূঁইয়া এবং দ্বিতীয় সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবু সাইম। অন্যদিকে অ্যাডভোকেট মোঃ এনামুল হক ২১৬ ভোট এবং অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন মিলন ১৮৮ ভোট পেয়ে পরাজিত হন।
এছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক মিলন, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম এবং অডিটর পদে অ্যাডভোকেট আসাদুজ্জামান ভূঁইয়া উৎপল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৩৬০ ভোট পেয়ে প্রথম হয়েছেন অ্যাডভোকেট মোঃ আবু হানিফ, ৩৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম, ৩৩৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন অ্যাডভোকেট মোঃ সারোয়ার আলম, একই সংখ্যক ৩৩৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন অ্যাডভোকেট কোরবান আলী এবং ২৮৪ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন অ্যাডভোকেট মোঃ সোহাগ মিয়া। অপর প্রার্থী অ্যাডভোকেট মোঃ মহসিন ২৬৪ ভোট পেয়ে পরাজিত হন।
নির্বাচনকে ঘিরে প্রার্থী ও আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।