কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে নির্মমভাবে মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আহতের বাবা ও স্থানীয় ইউপি সদস্য মোঃ হাদিছ মিয়া কিশোরগঞ্জ মডেল থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, পূর্বের একটি মামলার জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
জানা গেছে, কাটাবাড়ীয়া পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বাবুল মিয়া “নিঝুম রেস্তোরা” পরিচালনা করতেন। ব্যবসা নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত মোঃ হাকিম বর্তমানে কারাগারে থাকলেও তার স্বজন ও সহযোগীরা মামলা তুলে নিতে বাবুল মিয়াকে নিয়মিত চাপ ও হুমকি দিচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৩১ মার্চ দুপুরে একদল সশস্ত্র ব্যক্তি রেস্তোরাঁয় ঢুকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে কাটাবাড়ীয়া মোড়ের একটি পরিত্যক্ত রাইস মিলে আটকে রেখে ধারালো অস্ত্র, লোহার রড ও হকিস্টিক দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। এতে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে।
একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে হামলাকারীরা মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।