ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ, ১১ এপ্রিল ২০২৬: জেলা পুলিশের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
সভায় গত মাসের কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করা হয় এবং দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা কয়েকজন কর্মকর্তা ও সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার বলেন, এই স্বীকৃতি পুরো বাহিনীর সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন এবং এটি অন্যদেরও দায়িত্বশীল ও উৎসাহী করে তুলবে।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান অভিযান, জননিরাপত্তা কার্যক্রম এবং জনসেবামূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি সদস্যদের সততা, পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর জোর দেন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেন।
উন্মুক্ত মতবিনিময় পর্বে বিভিন্ন ইউনিটের সদস্যরা কর্মক্ষেত্রের বাস্তব সমস্যা ও প্রয়োজনীয় সহায়তার বিষয় তুলে ধরেন। আবাসন, চিকিৎসা সেবা, ডিউটির সময়সূচি, যানবাহন সংকট, প্রশিক্ষণ সুযোগ বৃদ্ধি এবং পরিবার কল্যাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
সভায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, অপরাধ বিশ্লেষণ, গোয়েন্দা কার্যক্রম জোরদার, সাইবার অপরাধ মোকাবিলা এবং কমিউনিটি পুলিশিং সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি থানাভিত্তিক সেবার মান উন্নয়ন ও অভিযোগ নিষ্পত্তির গতি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানানো হয়। পুলিশ লাইন্সে নিয়মিত ক্রীড়া আয়োজনের কথাও তুলে ধরা হয়।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, সদস্যদের কল্যাণ নিশ্চিত হলে তাদের মনোবল ও কর্মদক্ষতা বাড়বে এবং জনগণ আরও ভালো সেবা পাবে। সভায় অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।