ফয়েজুল ইসলাম মেম্বারের প্রতিবাদ,
উখিয়ার কিছু অনলাইন পেইজে তার ছবি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ফয়েজুল ইসলাম মেম্বার। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সকল ঘটনা সঠিকভাবে তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, যাকে এলাকার জনগণ বিপুল ভোটে নির্বাচিত করেছেন। সততা ও দায়িত্বশীলতার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জনগণের সেবা করে যাচ্ছেন। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি জানান, সম্প্রতি তার এলাকায় একটি মাদক সিন্ডিকেটের অভ্যন্তরীণ বিরোধের জেরে ইয়াবা ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে স্থানীয়ভাবে জানা যায়। ঘটনার সময় তিনি এলাকায় উপস্থিত ছিলেন না, ফলে বিষয়টি তার কাছে স্পষ্ট নয়। তবে উক্ত ঘটনাকে কেন্দ্র করে তার বাড়ির অদূরে ইরান ও রুবেলের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা উপর্যুপরি গুলি চালায়, যা এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে।
তিনি এ ধরনের ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
ফয়েজুল ইসলাম মেম্বার দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ করে বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই সরেজমিনে গিয়ে যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করতে হবে।
তিনি অভিযোগ করেন, কিছু অনিবন্ধিত অনলাইন পেইজ তার নামে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে, যা একজন জনপ্রতিনিধি হিসেবে তার মানহানির কারণ হচ্ছে।
তিনি আরও বলেন, তার পিতা একজন আদর্শবান আওয়ামী লীগ রাজনীতিবিদ ছিলেন এবং তিনি নিজেও সেই আদর্শে বিশ্বাসী। রাজনৈতিক কারণে তাকে হয়রানি বা মিথ্যা অপবাদ দেওয়া হলে, এর বিচার তিনি মহান আল্লাহর কাছে সোপর্দ করেছেন।
সবশেষে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
ঘটনার প্রকৃত সত্য, প্রেক্ষাপট ও সকল দিক তুলে ধরে সঠিক তথ্য প্রকাশ করার জন্য অনুরোধ রইলো।
প্রতিবাদকারী:
ফয়েজুল ইসলাম মেম্বার
সদস্য, ৮নং ওয়ার্ড
পালংখালী ইউনিয়ন পরিষদ, উখিয়া, কক্সবাজার