সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনার খালিয়াজুরীরতে ধনু নদে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় ধনু নদের ফেরি ঘাটের পাশে এ ঘটনা ঘটে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আব্দুল মোতালিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা। তিনি একজন মৎস্য শিকারি বলে জানা গেছে। নিহত মোতালিবের সঙ্গী মুজিবুর রহমান জানান, আব্দুল মোতালিবসহ আমরা তিনজন ধনু নদে মাছ শিকারের জন্য ঈশ্বরগঞ্জ থেকে ভোরে এসেছি।
এদিকে এলাকা থেকে সিএনজি অটোরিকশা দিয়ে রওনা হয়ে মদন উপজেলার উচিতপুরে ফজরের নামাজ পড়েছি। তারপর সেখান থেকে রওনা হয়ে সকালে খালিয়াজুরীর জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদে পৌঁছাই। বরশি ফেলে মাছ ধরার সময় ৯টার দিকে হঠাৎ ব্যাপক বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বিকট বজ্রপাতের পর আব্দুল মোতালিবকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। পরে সেখানেই তার মৃত্যু হয়। বাড়িতে খবর দেওয়া হয়েছে, পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা খালিয়াজুরীর উদ্দেশে রওনা হয়েছেন। এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর পরিস্থিতি বুঝে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।