মোঃ রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার
(ঝিনাইদহ):
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও মোহাম্মদ দিদারুল আলম। শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ তার কর্মকালীন সময়ের ভূয়সী প্রশংসা করেন এবং উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তার বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল বারী এবং একাডেমিক সুপারভাইজার জনাবা মাছুরা খাতুন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের হরিণাকুণ্ডু শাখার সভাপতি মোঃ আবুল হাসান মাস্টার। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থেকে বিদায়ী ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
বক্তারা বলেন, মোহাম্মদ দিদারুল আলম একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে হরিণাকুণ্ডু উপজেলার সামগ্রিক উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করেছেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মান উন্নয়নে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
বিদায়ী বক্তব্যে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, হরিণাকুণ্ডু উপজেলার মানুষের ভালোবাসা ও শিক্ষকদের সহযোগিতা আমি সারাজীবন মনে রাখব। সরকারি দায়িত্ব পালনে সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে।