স্টাফ রিপোর্টার
দেশের অনুসন্ধানী ও ক্রাইম সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত নিরাপত্তা এবং নৈতিক সাংবাদিকতা চর্চাকে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থা-এর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ গণমাধ্যম ব্যক্তিত্ব শেখ শাহীন।
সংগঠনটির অভ্যন্তরীণ সূত্র জানায়, এবারের কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ও তরুণ সাংবাদিকদের সমন্বয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো মাঠপর্যায়ের অনুসন্ধানী সাংবাদিকতা আরও শক্তিশালী করা এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের গতি ও মান বৃদ্ধি করা। একই সঙ্গে সারা দেশে কর্মরত ক্রাইম রিপোর্টারদের মধ্যে সমন্বয়, দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ শাহীন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় বলেন, ক্রাইম সাংবাদিকতা একটি অত্যন্ত সংবেদনশীল ও দায়িত্বপূর্ণ ক্ষেত্র। এখানে সত্য, নিরপেক্ষতা এবং যাচাই করা তথ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং দক্ষতা উন্নয়নে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি দেশজুড়ে সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।
উল্লেখ্য, শেখ শাহীন বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস ৭-এর চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক দৈনিক ঢাকার সময় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি গণমাধ্যম অঙ্গনে সুপরিচিত।
সংশ্লিষ্ট মহল মনে করছে, তাঁর নেতৃত্বে সংগঠনটি আরও সুসংগঠিত হবে এবং ক্রাইম সাংবাদিকতার ক্ষেত্রে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।