মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):
ঝিনাইদহের শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান।
শুক্রবার (০১ মে) দুপুরে তিনি শৈলকুপা উপজেলার বড়দা ব্রিজ সংলগ্ন ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক এলাকার জমি ও এর আশেপাশের পরিবেশ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নার্সিং অধিদপ্তরের পরিচালক দিল আফরোজ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত জায়গাটি অবকাঠামোগত দিক থেকে উপযোগী কি না, যোগাযোগ ব্যবস্থা, জমির প্রাপ্যতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ রয়েছে কি না—তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, শৈলকুপায় এই মেডিকেল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে ঝিনাইদহসহ আশেপাশের অঞ্চলের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হবে।