আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়েছে।
রবিবার (৩ মে) জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সম্মিলিত আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে জলঢাকা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার নিয়ে একত্রিত হন। পরে সেখান থেকে একটি সম্মিলিত র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। র্যালীতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন। এ সময় তিনি সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করেন এবং বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এর আগে সাংবাদিক সংগঠনগুলো পৃথক পৃথক র্যালী নিয়ে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়। এসময় জলঢাকা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে পেশাগত নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন। তিনি বলেন, সারা বাংলাদেশের সাংবাদিকরা আজকে নির্যাতন মিথ্যা মামলা হামলার শিকার হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে সাংবাদিকের নিরাপত্তা বাস্তবায়ন করতে হবে সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু সেটা বাস্তবায়ন করতে হবে আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী।
সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাংবাদিক আবেদ আলী, সহ সম্পাদক মাইদুল হাসান, মফস্বল সাংবাদিক সোসাইটি উপজেলা সভাপতি আল-আমিন ইসলাম বলেন, আমরা সাংবাদিকরা কোন একটা রিপোর্ট করতে গেলে নানান হুমকি, ধামকি বাধার সৃষ্টি হতে হয়,আর কত? এজন্য সরকারকে আহ্বান জানাই সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে, তাহলেই সাংবাদিকরা নিরাপত্তা নিয়ে তথ্য সংগ্রহ করতে পারবে। বক্তব্য রাখেন,জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান সুমন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,জলঢাকা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন ও প্রেসক্লাব সদস্য শরিফুল ইসলাম প্রিন্সসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান। বক্তারা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সুরক্ষা প্রদানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সমাবেশে নীলফামারীর কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার বিকেলে নীলফামারীর শাহীপাড়াস্থ সুবাহ্ বার্তা পত্রিকার কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী সাংবাদিক ফোরামের আয়োজনে ফোরামের উপদেষ্টা ও দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার এসএ প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি আতিয়ার রহমান, আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সোহেল রানা, স্পষ্টবাদী পত্রিকার প্রতিনিধি আব্দুস সালাম, প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি রানা আহম্মেদ, দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি সোহাগ ইসলাম, দৈনিক আজকের বাংলা পত্রিকার প্রতিনিধি সাইফুল আলম সম্পদ, দীপ্ত টিভির প্রতিনিধি মামুনার রশিদ মিঠু, নাগরিক টিভির প্রতিনিধি নুরল আমিন, কাজী টিভির প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি পায়েলুজ্জামান রকসি, দীপ্তমান বাংলাদেশের প্রতিনিধি আব্দুল মোমিনসহ আরো অনেকে। বক্তারা বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি শান্তিপূর্ণ ও ন্যায্য সমাজ গঠনে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের ভুমিকা অপরিহার্য। তাই সকল সহকর্মীকে একত্রিত থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।