কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার):
“বাংলাদেশ আমার অহংকার” — এই প্রত্যয়ে দেশব্যাপী সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে কাজ করে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি টেকনাফের দমদমিয়া এলাকায় আত্মগোপনে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ মে ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জাকির হোসেন (২৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম দিল মোহাম্মদ এবং মাতার নাম মরিয়ম খাতুন।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত জাকির হোসেন নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। বিজ্ঞ আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।