লিটন প্রধান নিজস্ব প্রতিবেদকঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সচেতন মহলের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে বালু ও পাথরবোঝাই ট্রাকের বেপরোয়া গতি এবং রাতে ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এছাড়া সড়কে শৃঙ্খলার অভাব, রাস্তার পাশে কৃষিপণ্য ও নির্মাণসামগ্রী ফেলে রাখা এবং অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের কারণে জনদুর্ভোগ বাড়ছে।
বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের সচেতনতা বৃদ্ধি, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং অবৈধ পার্কিং বন্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষভাবে অপপ্রাপ্তবয়স্ক কিশোরদের হাতে মাহিন্দ্রা, ট্রাক্টর ও অন্যান্য যানবাহনের স্টিয়ারিং তুলে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বেপরোয়া যানচালনা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান উপস্থিতরা।
এছাড়া রাস্তার পাশে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন পার্কিং এবং বালু ফেলে রাখার কারণে সড়ক সংকুচিত হয়ে পথচারী ও যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করা হয়। বিশেষ করে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
আলোচনায় আরও বলা হয়, দেবীগঞ্জ পৌর শহর-এর বিভিন্ন সড়কের মাঝখানে সারিবদ্ধভাবে সিএনজি, অটোরিকশা, অটোভ্যান ও মিনিবাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। তাই নির্ধারিত স্থান ব্যবহার করে যাত্রী ওঠানামা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সভায় উপস্থিত বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে অপপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং বন্ধ এবং রাস্তার পাশে জমে থাকা বালু অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
আলোচনা সভায় দেবীগঞ্জবাসী নিরাপদ সড়কের দাবিতে জোর দাবি জানান।