মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর বাজারে জলাবদ্ধতা এক নিত্যনৈমিত্তিক সমস্যায় পরিণত হয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই বাজার এলাকা তলিয়ে যাচ্ছে, যার ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।
সরেজমিনে দেখা যায়, বাজারের প্রধান সড়ক ও দোকানপাটের সামনের অংশ বৃষ্টির পানিতে ডুবে আছে। পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় ঘণ্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন পানি জমে থাকছে। এতে সাধারণ ক্রেতাদের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে এবং বাজারের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, জলমগ্ন পরিবেশের কারণে বাজারে ক্রেতা সমাগম কমে গেছে। এছাড়া জমে থাকা পানির কারণে সৃষ্টি হচ্ছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। পথচারীরা জানান, হাঁটু সমান পানি পেরিয়ে বাজারে আসা-যাওয়া করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
ভবানীপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে স্থায়ী কোনো ড্রেন না থাকায় বৃষ্টির পানি বের হতে পারছে না। দ্রুত পানি নিষ্কাশনের জন্য উন্নত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ রায় দীপন-এর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত সরেজমিনে পরিদর্শন করে স্থায়ী সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি ও প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই জনদুর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্তি দেবেন।